নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ডেভিডসহ ৬ জন গ্রেপ্তার, ককটেলে আহত ৪ পুলিশ
তারেক হাসান চৌধুরী
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় আলোচিত মাদক কারবারি আব্দুল্লাহ ও হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে পালানোর চেষ্টা করেন ডেভিড। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে ডেভিডের ডান পায়ে গুলিবিদ্ধ হয়। ককটেলের আঘাতে পুলিশের চার সদস্য সামান্য আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লা থানাধীন হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা সেখানে যান। এ সময় একদল মাদক কারবারি তাদের আটক করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এএসআই সাত্তার প্রাণ রক্ষার্থে পালিয়ে যেতে সক্ষম হলেও কনস্টেবল আনোয়ার মোল্লাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ৬৭(১১)২০২৬।
ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও এসআরবি একাধিক অভিযান পরিচালনা করে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর রাত আনুমানিক ২টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকায় অভিযান চালিয়ে সামাদ ও হাসান নামে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে সকাল ৭টা ৫০ মিনিটে তাসলিম পট্টির নুর হোসেনের পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডকে গ্রেপ্তার করতে গেলে তিনি পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করেন। এ সময় আত্মরক্ষার্থে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ গুলি চালালে ডেভিডের ডান পায়ে আঘাত লাগে। ককটেলের আঘাতে পুলিশের চার সদস্য সামান্য আহত হন।
আহত ডেভিডকে উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম, তিনটি ধারালো দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এদিকে এসআরবি-১১, নারায়ণগঞ্জ পৃথক অভিযান চালিয়ে আরও দুই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল্লাহ (৩২), মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮), আব্দুস সামাদ (২৩), মাহমুদুল হাসান (২২), জাবেদ কায়সার আজাদ (৪০) ও আদর (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনের মধ্যে পাঁচজনকে আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম, একটি মোটরসাইকেল এবং আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন।


