কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গড়ে তুলে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ঝিনাইদহের তরুণ উদ্যোক্তা মো. ইমতিয়াস ইসলাম। তাঁর প্রতিষ্ঠিত ‘ফার্মারকেয়ার টেকনোলজিস লিমিটেড’ আন্তর্জাতিক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘অরেঞ্জ কর্নারস বাংলাদেশ’-এর সপ্তম ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে।
গত ২ নভেম্বর ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াস ইসলাম এবং সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. সোহানুর রহমান গ্র্যাজুয়েশন সনদ গ্রহণ করেন।
ফার্মারকেয়ার ‘কিষান’ অ্যাপসহ প্রযুক্তি, কৃষি অর্থায়ন, মানসম্মত উপকরণ ও বাজারসংযোগের মাধ্যমে কৃষকদের সমন্বিত সেবা দিতে কাজ করছে।
অরেঞ্জ কর্নারস কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৫ হাজার ইউরো অনুদান পেয়েছে এবং সর্বোচ্চ ৫০ হাজার ইউরো পর্যন্ত সমন্বিত অর্থায়ন পাওয়ার জন্য নির্বাচিত হয়েছে।
মো. ইমতিয়াস ইসলাম বলেন, “আমি একজন কৃষকের সন্তান। কৃষকদের অর্থায়ন সংকট ও ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়গুলো কাছ থেকে দেখেছি। ফার্মারকেয়ারের মাধ্যমে প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে কৃষকদের জন্য একটি পূর্ণাঙ্গ কৃষিসেবা ব্যবস্থা গড়ে তুলতে চাই। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”


