পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশে সম্পন্ন করতে সরকার পাঁচটি বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান।

ড. মাহদী আমিন বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে আজ ২ হাজার ৫৮৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়ার উন্নতির কারণে পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিতে পেরেছেন বলেও তিনি উল্লেখ করেন।

পরীক্ষা নির্বিঘ্ন রাখতে সরকারের পাঁচ সিদ্ধান্ত

ফেসবুক পোস্টে তিনি জানান, পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সরকার পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

১. চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডে পরীক্ষা চলবে নির্ধারিত সূচি অনুযায়ী

দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তর এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২. প্রয়োজন হলে কেন্দ্র পরিবর্তন বা পরীক্ষা স্থগিতের সুযোগ

পরীক্ষার দিন কোথাও জলাবদ্ধতা, যোগাযোগ সমস্যা বা অন্য কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে স্থানীয় প্রশাসনকে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষার সময় বৃদ্ধি কিংবা পরীক্ষা স্থগিতের মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

৩. অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যেসব পরীক্ষার্থী কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের একই প্রশ্নপত্রে, একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

৪. পদার্থবিজ্ঞান প্রথম পত্রে সৃজনশীল অংশে পূর্ণ নম্বর

গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার সৃজনশীল অংশে প্রশ্নপত্রে ভুল ও অসঙ্গতি থাকায় সংশ্লিষ্ট প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৫. প্রশ্নপত্র প্রণয়নে দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা

ভুল প্রশ্নপত্র প্রণয়নের ঘটনায় জড়িত ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সর্বোচ্চ গুরুত্ব

ড. মাহদী আমিন তাঁর পোস্টে বলেন, বর্তমান সরকারের কাছে এইচএসসি পরীক্ষা শুধু একটি পাবলিক পরীক্ষা নয়; এটি দেশের ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনা করছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং তাদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।