ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে তারা জানতে পেরেছে। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।
অগ্নিকাণ্ডে দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন ও তাঁদের ছেলে শর্ণশিষ দত্ত নিহত হয়েছেন। এ ছাড়া দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলীও এ দুর্ঘটনায় মারা গেছেন। দেবাশীষ দত্তের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত অপর বাংলাদেশির নাম আহমেদ বাবু। তাঁর বাড়ি ঢাকার আমিনবাজারের বেগুনবাড়িতে।
অগ্নিকাণ্ডে নিহত একজন ভারতীয়র পরিচয়ও জানা গেছে। তিনি ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ান।
কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান জানান, দেবাশীষ দত্ত চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
দেবাশীষ দত্তের পরিবারের ভাষ্য, তাঁর স্ত্রী আফসানা অসুস্থ ছিলেন। তাঁর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট তাঁরা ভারতে যান। প্রথমে বেঙ্গালুরুতে তাঁর চিকিৎসা হয়। সেখানে চিকিৎসা শেষে গতকাল তাঁরা কলকাতায় আসেন। দেশে ফেরার আগে ওই হোটেলে ওঠেন তাঁরা। সেখানেই অগ্নিকাণ্ডে তাঁদের মর্মান্তিক মৃত্যু হয়


