সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটটি ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট রয়েছে।
রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট শাখার স্কোয়াড্রন লিডার সাকিব এ তথ্য জানান।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিয়াদের বিমানবন্দর বন্ধ থাকায় সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটেছে। এতে ওই ফ্লাইটগুলোর যাত্রীরা সরাসরি ভোগান্তিতে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা এবং পরবর্তী যাত্রার বিষয়ে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি বৈশ্বিক সংকট। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।


