কাতারে ভূকশিমইল ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
আবুল কালাম ফয়সাল,কাতার প্রতিনিধি:
কাতারে ভূকশিমইল ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের তিন নেতার স্বদেশ গমন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে কাতারের রাজধানী দোহার টেস্টি কর্নার হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রহিম দুদু, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম তালুকদার ও সহসভাপতি মো. জয়নুল ইসলাম জনিকে স্বদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ মো. আমির উদ্দিন। যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুমন আহমদ ও সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাবেক প্রধান উপদেষ্টা ফজলুল করিম ফজলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. লেবু মিয়া, আকমল হোসেন খান, এম সাইফুর রহমান তালুকদার, শাহ ইসলাম উদ্দিন ও আবুল হোসেন। এ ছাড়া সংগঠনের সাবেক সভাপতি মো. আলী হায়দর, সদস্য মো. বশির উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক কারি আব্দুল মুমিন। শুভেচ্ছা বক্তব্য দেন সদস্য আবুল বাশার।
এ সময় বক্তব্য দেন সিনিয়র সহসাধারণ সম্পাদক আহমদ সালাউদ্দিন, সদস্য ইঞ্জিনিয়ার আবু তালেব, সহসাধারণ সম্পাদক তাজ উদ্দিন, অর্থ সম্পাদক আলাল খান, দপ্তর সম্পাদক তারেক আহমদ, আলা উদ্দিন, বিলকুস ছিদ্দেকী, সুমেল খান, জুনেদ মিয়া ও কামাল আহমদসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। ভূকশিমইল ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ, কাতার অতীতেও দেশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রেখে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
সভাপতির সমাপনী বক্তব্যে শাহ মো. আমির উদ্দিন বলেন, ২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকে সংগঠনটি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। এ পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে দেশে প্রায় ১৭ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে, যার মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষ উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও আরও বেশি অনুদান প্রদানের মাধ্যমে মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরে স্বদেশ গমন উপলক্ষে বিদায়ী অতিথি আব্দুর রহিম দুদু, শফিকুল ইসলাম তালুকদার ও মো. জয়নুল ইসলাম জনির হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের সুস্বাস্থ্য, সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুস সবুর।


