বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন উপলক্ষে পরিচালক এস এস রাজামৌলি তার নতুন সিনেমা বারাণসী থেকে অভিনেত্রীর প্রথম লুক প্রকাশ করেছেন। ছবিতে ‘মন্দাকিনী’ চরিত্রে ভিন্নধর্মী রূপে দেখা যাবে তাকে।
জন্মসূত্রে ভারতীয় হলেও বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি হলিউড ও বলিউড—দুই ক্ষেত্রেই সমানভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তার জন্মদিন উপলক্ষে নির্মাতা এস এস রাজামৌলি নির্মাণাধীন সিনেমা বারাণসী থেকে অভিনেত্রীর দুটি নতুন স্থিরচিত্র প্রকাশ করেছেন।
সিনেমাটির আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত পোস্টে লেখা হয়েছে, ‘নতুন অভিযান, নতুন আবিষ্কার এবং দিগন্তজোড়া এক যাত্রার জন্য…’। একই সঙ্গে ‘মন্দাকিনী’ চরিত্রে প্রিয়াঙ্কার প্রথম ঝলক প্রকাশ করা হয়।
প্রকাশিত একটি ছবিতে রহস্যময় আবহে দেখা যায় প্রিয়াঙ্কাকে। কালো করসেটধাঁচের পোশাক, স্বচ্ছ লম্বা হাতা, এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুলে তার লুককে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। ছবির মূল আকর্ষণ ছিল তার তীক্ষ্ণ অভিব্যক্তি।
অন্য ছবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছেন অভিনেত্রী। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট ও কালো কার্গো প্যান্ট পরে তাকে উচ্ছ্বসিত ভঙ্গিতে লাফ দিতে দেখা যায়। পেছনে পাহাড়, সবুজ তৃণভূমি এবং জেব্রা ও জিরাফের উপস্থিতি দৃশ্যটিকে আরও বৈচিত্র্যময় করেছে।
নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, মন্দাকিনী চরিত্রটি একজন সাহসী বিশ্বভ্রমণকারী নারীর, যিনি একই সঙ্গে শক্তিশালী, সংবেদনশীল এবং স্মরণীয় ব্যক্তিত্বের অধিকারী।
নতুন লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ ধারণা করছেন, সিনেমায় প্রিয়াঙ্কাকে শক্তিশালী প্রতিপক্ষ বা খলচরিত্রে দেখা যেতে পারে। আবার অনেকে মন্তব্য করেছেন, দীর্ঘ অভিনয়জীবনেও তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।
আরআরআর–এর আন্তর্জাতিক সাফল্যের পর পরিচালক এস এস রাজামৌলি এবার বারাণসী নিয়ে ফিরছেন। বড় বাজেটের এই সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। পৌরাণিক কাহিনি, ভারতীয় লোককথা এবং টাইম ট্রাভেলের উপাদান মিলিয়ে নির্মিত এই অ্যাডভেঞ্চারধর্মী সিনেমাটি আগামী বছরের এপ্রিলে মুক্তির সম্ভাবনা রয়েছে।

