বেলজিয়ামে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার (১৪ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলে আগুনের সূত্রপাতের পর মাত্র তিন দিনে প্রায় ৩ হাজার হেক্টর জমির গাছপালা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারাও কাজ করছেন।
বেলজিয়ামে সবচেয়ে বড় ও বিধ্বংসী দাবানল হিসেবে এত দিন ২০১১ সালের ঘটনাটিকে বিবেচনা করা হতো। ওই দাবানলে ১ হাজার ৪০০ হেক্টর জমির গাছপালা পুড়ে গিয়েছিল। তবে এবারের দাবানলে এরই মধ্যে সেই রেকর্ডের দ্বিগুণেরও বেশি এলাকা পুড়ে গেছে।
শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে দাবানলের সূত্রপাত হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের সব কর্মীকে মোতায়েন করে বেলজিয়াম সরকার। পরে আগুন নেভানোর কাজে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দেন।
তবে প্রায় চার দিন ধরে চেষ্টা চালানোর পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। রোববার বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ার প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র স্টেফানি এরনক্স জানান, শুষ্ক বাতাসের কারণে দাবানল ক্রমেই জার্মান সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে।
বেলজিয়ামের ফায়ার ব্রিগেডের ক্যাপ্টেন করিম বৌর্ফা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বেলজিয়ামে এত বড় মাত্রার দাবানল হতে পারে, তা তিনি কখনো কল্পনাও করেননি। এখন এই দাবানল মোকাবিলা করতে হচ্ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের বিপর্যয় ঘন ঘন ঘটতে পারে। তাই এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রাখা উচিত।
সূত্র: রয়টার্স

