রাজধানীর মালিবাগে শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণের পর এবার আগারগাঁও ও মহাখালীতে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন এলাকা ও মহাখালীতে এসব বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। ওই ঘটনাতেও তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ মালিবাগের ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
তাৎক্ষণিকভাবে এসব বিস্ফোরণে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। তবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
এ ছাড়া মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওই দিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে এ ককটেল বিস্ফোরণ ঘটে।


