ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ইউরিয়া সার গুদামজাত না করে অন্যত্র বিক্রির অভিযোগে মেসার্স খান এন্টারপ্রাইজের ডিলার মোমরেজ খানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে সার সরবরাহের আগমনী প্রতিবেদন (Arrival Report) পাওয়ার পর গুদাম যাচাই করেন উপজেলা কৃষি কর্মকর্তা। এ সময় অক্টোবর মাসের বরাদ্দ অনুযায়ী ৪০০ বস্তা ইউরিয়া সার গুদামজাত থাকার কথা থাকলেও গুদামে মাত্র ২০০ বস্তা সার পাওয়া যায়। অর্থাৎ বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার গুদামে পাওয়া যায়নি।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় ডিলার মোমরেজ খান ২০০ বস্তা ইউরিয়া সার অন্যত্র বিক্রির বিষয়টি স্বীকার করেন। এ অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত বিধিবিধান লঙ্ঘন করে সার অন্যত্র বিক্রির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ নেই। কৃষি উপকরণের সঠিক সরবরাহ নিশ্চিত করা এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের নজরদারি ও তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


