মাথায় প্রায় ৯ ফুট লম্বা চুল রেখে নারী ক্যাটাগরিতে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের রেকর্ড গড়েছেন ভারতের রেনু ধারিয়াল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁকে আনুষ্ঠানিকভাবে দীর্ঘ চুলের অধিকারী হিসেবে স্বীকৃতি দিয়ে সনদ দিয়েছে।
রেনুর কালো চুলের দৈর্ঘ্য ২৭১ দশমিক ৫০ সেন্টিমিটার, যা ৮ ফুট ১০ ইঞ্চির সমান।
রেনুর বাড়ি ভারতের উত্তরাখণ্ডের হালদোয়ানিতে। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ইউক্রেনের আলিয়িা নাসরোভা। তাঁর চুলের দৈর্ঘ্য ছিল ৮ ফুট ৫ দশমিক ৩ ইঞ্চি।
রেনু ইউটিউবে কনটেন্ট তৈরি করেন। সেখানে তিনি চুল লম্বা করার বিভিন্ন টিপসও দেন। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত এপ্রিলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ রেনুকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
রেনু জানিয়েছেন, ২০১৫ সাল থেকে তাঁর চুল ধারাবাহিকভাবে লম্বা হচ্ছে। তাঁর ভাষ্য, ভারতে লম্বা চুলকে সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখা হয়। এই কারণেই তিনি চুল লম্বা করতে উৎসাহিত হয়েছেন।
রেনু আরও জানিয়েছেন, ২০১৫ সালের পর তিনি আর চুল কাটেননি। চুল পরিষ্কার ও পরিপাটি রাখতে তাঁর কয়েক ঘণ্টা সময় লাগে।
রেনুর আগে ভারতের সবচেয়ে লম্বা চুলের বিশ্বরেকর্ডের মালিক ছিলেন স্মিত শ্রীবাস্তভ। তাঁর চুলের দৈর্ঘ্য ছিল ৭ ফুট ৯ ইঞ্চি। ২০২৩ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁকে সবচেয়ে লম্বা চুলের অধিকারী হিসেবে স্বীকৃতি দিয়েছিল।
সূত্র: এনডিটিভি

