https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

ঝালকাঠিতে পাথরবোঝাই ট্রাকের ভারে সেতু ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

Main Admin
মে ১৬, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঁঠালিয়ায় অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাকের চাপে আঞ্চলিক সড়কের একটি সেতু ভেঙে খালে পড়ে গেছে। এতে ওই এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার সকালে উপজেলার জোড়াপোল বাজার এলাকায় কাঁঠালিয়া–কৈখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ সেতুটি অতিরিক্ত ওজনের চাপ নিতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে। নিয়মিত ভারী যান চলাচল ও অতিরিক্ত চাপের কারণে এর কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। এলাকাবাসী বারবার কর্তৃপক্ষকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, আজ সকালে পাথরবোঝাই ট্রাকটি সেতুর ওপর ওঠার পরপরই বিকট শব্দ করে সেতুর কাঠামো ভেঙে নিচের খালে পড়ে যায়। এতে ট্রাকসহ সেতুর বড় অংশ পানিতে তলিয়ে যায়। মুহূর্তের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর সড়কের দুই পাশের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নব্বইয়ের দশকে নির্মিত সড়ক ও জনপদ বিভাগের মালিকানাধীন সেতুটি দীর্ঘদিন নাজুক অবস্থায় ছিল। পার্শ্ববর্তী এলাকায় নির্মাণাধীন তিনটি সেতুর জন্য পাথরবোঝাই ট্রাকটি সকালে ঝুঁকিপূর্ণ এ সেতুতে উঠলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে ট্রাকের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মতিউর রহমান নামের এক ব্যবসায়ী বলেন, এ ঘটনায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে রোগী পরিবহন, স্কুল-কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। দ্রুত বিকল্প যোগাযোগব্যবস্থা চালুর পাশাপাশি নতুন করে টেকসই সেতু নির্মাণ না করা হলে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাবে।
ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনরায় যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে একটি অস্থায়ী বেইলি সেতু তৈরি করে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক রাখা হবে। এ ঘটনায় ট্রাকের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।