পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

লক্ষ্মীপুরে ‘তুই ফ্যাসিস্ট’ বলে বিএনপিকর্মীকে মারধরের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩১, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে ‘তুই ফ্যাসিস্ট’ বলে বিএনপির এক কর্মীকে এলোপাতাড়ি কিল-ঘুষি দেওয়ার অভিযোগ উঠেছে আনিসুল ইসলাম নামের এক আইনজীবীর বিরুদ্ধে। এ সময় ওই কর্মীর মোটরসাইকেল ও মুঠোফোন ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন আহত মো. শরীফ।

ঘটনার পর বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানায় আইনজীবী আনিসুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন শরীফ। এর আগে সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জের চৌরাস্তা এলাকায় মারধরের ঘটনা ঘটে। পরে চিকিৎসার জন্য শরীফকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শরীফ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির সক্রিয় কর্মী। অভিযুক্ত আনিসুল ইসলাম লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এবং একই এলাকার বাসিন্দা।

তবে শরীফের অভিযোগ অস্বীকার করেছেন আনিসুল ইসলাম। তিনি বলেন, শরীফের সঙ্গে তাঁর দেখা হয়েছে। শরীফ মাদকাসক্ত এবং একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আহত শরীফ বলেন, আনিসুল ইসলামের পরিবারের সঙ্গে তাঁদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ বিষয়ে জেলা আদালতে একটি মামলাও বিচারাধীন। বিভিন্ন সময় আনিসুল তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

শরীফের ভাষ্য, ঘটনার সময় তিনি কিছু বুঝে ওঠার আগেই তাঁকে ‘তুই ফ্যাসিস্ট’ বলে এলোপাতাড়ি কিল-ঘুষি দেওয়া হয়।

তিনি আরও বলেন, মাছের খাবার কিনতে মোটরসাইকেলে করে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় গেলে কয়েকজন সহযোগী নিয়ে আনিসুল তাঁর পথরোধ করেন। একপর্যায়ে তাঁকে গালিগালাজ করে হামলা চালানো হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়া ও জখমের সৃষ্টি হয়েছে।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তাঁর কাছে লিখিত অভিযোগ এলে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, এক ব্যক্তিকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।