নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে পারভেজ (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) ভোররাতে সোনাচড়া এলাকার মেসবাহউদ্দিন ওরফে ‘মেসের’ এর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে— রাত প্রায় ২টার দিকে মেসবাহউদ্দিন ও তার ছেলেরা চোর সন্দেহে পারভেজকে আটক করে বেধড়ক মারধর করতে থাকে। টানা নির্যাতনের ফলে সকাল প্রায় ৭টার দিকে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পরে বাড়ির ভেতরের বারান্দা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পারভেজের বাড়ি সিদ্ধিরগঞ্জের বারমাসি এলাকায়। তিনি মৃত তাড়ামিয়ার ছেলে। বর্তমানে তিনি বন্দর থানার ২৬ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী এলাকায় বুলবুল নামে এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কোনো মালামাল উদ্ধার হয়নি এবং কাউকে আটকও করেনি পুলিশ।
মরদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে ডিএসবি বন্দর জোনের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বন্দর থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।


