বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

সেন্টমার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটক, চার জাহাজে গেলেন ১ হাজার ৭৫৪ জন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজে করে ১ হাজার ৭৫৪ জন পর্যটক ভ্রমণ করেছেন। চলতি মৌসুমে ৫ নভেম্বর জাহাজ চলাচল শুরুর পর এক দিনে এটিই সর্বোচ্চ পর্যটক যাতায়াতের রেকর্ড।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে চারটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এদিন প্রথমবারের মতো যাত্রা শুরু করে এমভি মালঞ্চ। জাহাজগুলো দুপুরে সেন্টমার্টিনে পৌঁছায়। সেখানে এক থেকে দেড় ঘণ্টা অবস্থানের পর বিকেলে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়ে রাতে ফিরে আসবে।

৩৪৬ আসনের কেয়ারি সিন্দাবাদ নামে আরও একটি জাহাজ বহরে যুক্ত হলেও সেটি এখনো যাত্রী পরিবহন শুরু করেনি। প্রতিদিন ৩ হাজার ৫০০ পর্যটক সেন্টমার্টিন যাওয়ার অনুমতি থাকলেও পাঁচটি জাহাজের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা এখন ৩ হাজার ২৪৪ জন।

৮৫০ জন ধারণক্ষমতার এমভি বারো আউলিয়ায় শুক্রবার সেন্টমার্টিন গেছেন ৫৯৩ জন পর্যটক। ৭৩২ আসনের কর্ণফুলী এক্সপ্রেসে ছিলেন ৫০০ জন। এমভি টেকনাফে গেছেন ৪১৯ জন পর্যটক। জাহাজটির আসনসংখ্যাও ৭৩২।

প্রথমবারের মতো যাত্রা করা ৬০০ জন ধারণক্ষমতার এমভি মালঞ্চে ছিলেন ২৪২ জন পর্যটক। জাহাজটির পরিচালক আব্দুস সাত্তার জয় ঢাকাপোস্টকে বলেন, প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার পাশাপাশি এমভি মালঞ্চকে পুরোপুরি প্রস্তুত করার পর তাঁরা যাত্রী পরিবহন শুরু করেছেন। ইনশা আল্লাহ, মৌসুমের শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

দীর্ঘ সমুদ্রযাত্রা ও জাহাজের ভাড়া নিয়ে কয়েকজন পর্যটকের মধ্যে হতাশা দেখা গেছে। তবে দেশের সর্বদক্ষিণে অবস্থিত বিচ্ছিন্ন দ্বীপটি ভ্রমণের অভিজ্ঞতা নিতে পেরে অনেকেই উচ্ছ্বসিত।

মাদারীপুরের কালকিনি থেকে সেন্টমার্টিন ভ্রমণে এসেছেন সৈয়দুল হক। তিনি বলেন, দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সেন্টমার্টিন দ্বীপটি অনেক সুন্দর। ভিডিওতে দ্বীপটির সৌন্দর্য দেখেছেন। এবার প্রথমবারের মতো পরিবারের সদস্যদের নিয়ে সেখানে যাচ্ছেন। সমুদ্রযাত্রার অভিজ্ঞতা তাঁর কাছে বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে।

সিরাজগঞ্জের বাসিন্দা পর্যটক ওসমান আলী বলেন, ছুটি কাটাতে সেন্টমার্টিন যাচ্ছেন। তবে ৬ থেকে ৭ ঘণ্টার সমুদ্রযাত্রা বেশ ক্লান্তিকর। আগে টেকনাফ থেকে দিনে গিয়ে দিনেই ফিরে আসা যেত। এখন সেই সুযোগ নেই। পাশাপাশি জাহাজের ভাড়াও কিছুটা বেশি।

মৌসুমের শুরুর দিকে পর্যটকের সংখ্যা সীমিত থাকলেও ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকদের ঢল নামবে বলে আশা করছেন পর্যটনশিল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, চলতি মাসে শুক্রবার ও শনিবারসহ ছুটির দিনগুলোতে মোটামুটি সংখ্যায় পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন। আগামী মাসের প্রতিদিনই পর্যটকসংক্রান্ত কোটা পূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে। অগ্রিম বুকিংয়ের চিত্র দেখে এমন ধারণা পাওয়া যাচ্ছে। পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। শুক্রবার চারটি জাহাজ গেছে। বাকি জাহাজটিও শিগগিরই নিয়মিত যাত্রী পরিবহন শুরু করবে।

সেন্টমার্টিন হোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, সেন্টমার্টিনে এক রাতে প্রায় ৫ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুম মাত্র শুরু হয়েছে, তাই পর্যটকের সংখ্যাও এখন কম। তবে সুখবর হলো, ডিসেম্বরের দিকে প্রায় সব হোটেল ও রিসোর্টের কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটবে বলে তাঁরা আশা করছেন।

চলতি মৌসুমে পর্যটকদের জন্য কয়েকটি শর্ত বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি ভ্রমণের জন্য সংগ্রহ করতে হবে ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট।

এসব ব্যবস্থার মাধ্যমে দ্বীপে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, তাঁদের পরিচয় ও যাতায়াতের তথ্য সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণের কার্যক্রম জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।

পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হলেও সেন্টমার্টিনের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একাধিক বিধিনিষেধ বহাল রয়েছে। বিশেষ করে রাতে পর্যটকদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ বা জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াতের সুযোগ থাকবে। এ সময় পর্যটকেরা দ্বীপটি ভ্রমণের পাশাপাশি সেখানে রাত্রিযাপনও করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।