বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ: আবেদনের শীর্ষে ঢাকা বোর্ড, পরীক্ষকদের গাফিলতি পেলে শাস্তি

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁরা ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ১৭ হাজার ৭০০টি আবেদন পড়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে বলেন, গত দুই বছর ধরে পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ করা হয়েছে। নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে খাতা মূল্যায়ন করা হয়েছে। গত বছরও একই পদ্ধতি অনুসরণ করা হয়। সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা গেছে, সব বোর্ডেই বেশির ভাগ শিক্ষার্থী ইংরেজি, বাংলা ও আইসিটির মতো আবশ্যিক বিষয়ে খারাপ ফল করেছে।

তিনি বলেন, এসব বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাও বেশি। তুলনামূলক খারাপ ফল এবং অকৃতকার্যের বিষয়টি বিবেচনায় নিয়ে বোর্ডগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে।

ফল খারাপ হওয়ার পেছনে শিক্ষকসংকটকে বড় কারণ হিসেবে উল্লেখ করেন সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, ‘অনেক কলেজে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই, এমনকি সরকারি কলেজে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে আইসিটি পড়ানো হয়।’

ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন ইংরেজি ও আইসিটিতে

ঢাকা শিক্ষা বোর্ডের বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলা, ইংরেজি ও আইসিটির পাশাপাশি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৪২ হাজার ২টি করে আবেদন জমা পড়েছে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ে আবেদন পড়েছে ৩৮ হাজার ৭৫টি। ঢাকা বোর্ডে এই বিষয়গুলোতে সবচেয়ে বেশি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।

আবশ্যিক বিষয়গুলোর মধ্যে ইংরেজির পাশাপাশি বাংলায়ও উল্লেখযোগ্যসংখ্যক আবেদন জমা পড়েছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ২৪ হাজার ৮৫৮টি করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।

বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে রসায়নে। এ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ১৮ হাজার ৪৮২টি করে আবেদন জমা পড়েছে। এ ছাড়া জীববিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ১৫ হাজার ৭৫৭টি করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।

মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৫৭১টি করে এবং সমাজকর্মে ১ হাজার ৯৯৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর মধ্যে হিসাববিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন এসেছে। এ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৮২৭টি করে আবেদন করা হয়েছে। এ ছাড়া ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ২ হাজার ৩৩১টি আবেদন জমা পড়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় ১১টি বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি পত্রের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। আবেদনের শেষ সময় ছিল গত ৮ নভেম্বর দুপুর ১২টা।

পরীক্ষকদের গাফিলতি হলে নেওয়া হবে ব্যবস্থা

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্র জানায়, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পরও বড় ধরনের পরিবর্তন দেখা গিয়েছিল। ওই পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ফল পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন। এসব আবেদনে মোট পত্রের সংখ্যা ছিল ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি।

পুনর্নিরীক্ষণের পর এসএসসি পরীক্ষায় সারা দেশে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেন। নতুন করে জিপিএ-৫ পান ৩ হাজার ৭৯ জন।

এসএসসির মতো এইচএসসির উত্তরপত্র মূল্যায়নেও বড় ধরনের অসংগতি বা নম্বরে ব্যাপক ব্যবধান পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এসএসসির খাতা মূল্যায়নে বড় ধরনের ব্যত্যয় ঘটায় শতাধিক পরীক্ষক ও প্রধান পরীক্ষককে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিষয়ে সুনির্দিষ্টভাবে পর্যালোচনা করে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। এইচএসসির ফল পুনর্নিরীক্ষায়ও কোথাও অনুচিত নম্বর বা নম্বরের অতিরিক্ত ব্যবধানের প্রমাণ পাওয়া গেলে দায়িত্বে অবহেলাকারী পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে একই প্রক্রিয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

তিনি জানান, একজন শিক্ষার্থী আগে কত নম্বর পেয়েছিলেন এবং পুনর্নিরীক্ষণের পর কত নম্বর পাচ্ছেন, সেই ব্যবধান বিবেচনা করেই মূলত অনুচিত বা ত্রুটিপূর্ণ মূল্যায়ন নির্ধারণ করা হবে। এরপর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ডের কর্মপরিকল্পনা অনুযায়ী, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন গ্রহণের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে আবেদনসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। এরপর কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্যসংবলিত তালিকা ও বিষয়ভিত্তিক তালিকা সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। পাশাপাশি পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করা হবে। পরবর্তী ধাপে পুনর্মূল্যায়নকারী পরীক্ষকদের ব্রিফিং শেষে খাতা পুনর্মূল্যায়নের কাজ শুরু হবে।

খাতা দেখা শেষে যেসব উত্তরপত্রের নম্বর পরিবর্তিত হবে, সেগুলোর বিবরণী ও উত্তরপত্রে পুনর্মূল্যায়নকারী পরীক্ষকের স্বাক্ষর নিয়ে তা কম্পিউটার সেলে পাঠানো হবে। এরপর কম্পিউটার সেলে পরিবর্তিত নম্বর এন্ট্রি, উত্তরপত্রের লিথোকোড যাচাই এবং চূড়ান্তভাবে পরিবর্তিত উত্তরপত্র পরীক্ষা করা হবে। সব প্রক্রিয়া শেষে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।

শুরু হয়েছে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কাজ শুরু হয়েছে। পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গত ১১ নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বোর্ডের ৪ নম্বর ভবনের সপ্তম ও অষ্টম তলায় উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় এ কাজ চলবে।

ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মো. মনজুরুল কবীর বাসসকে বলেন, এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে জমা পড়া বিপুলসংখ্যক আবেদন ও তথ্য প্রক্রিয়াকরণের কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হবে। ফল প্রকাশের পর নম্বর পরিবর্তনে কোনো ধরনের অসংগতি যাতে না থাকে, সে জন্য আইসিটি দল পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।