যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপিকে সম্মাননা স্মারক দিয়েছে রাজশাহী মহানগর যুবদল।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় ঢাকার নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি।
এ সময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির পল, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, রফিক আহমেদ ডলার ও ফিরোজ আবদুল্লাহ, সহসভাপতি (দপ্তর সম্পাদক) নুরুল ইসলাম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক (সহদপ্তর সম্পাদক) মিনহাজুল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুল হক মিলন ও সদস্য আখলেছুর রহমান সাজিম উপস্থিত ছিলেন।
সম্মাননা স্মারক প্রদানকালে শরিফুল ইসলাম জনি বলেন, আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরে আয়োজিত কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে মহানগর যুবদলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম রবির সঙ্গে আলোচনা করে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দিতে পেরে তাঁরা আনন্দিত ও গর্বিত।
শরিফুল ইসলাম জনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যুবদল প্রতিষ্ঠা করেন। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহী মহানগর যুবদল যথাযোগ্য মর্যাদায় পালন করবে।


