মুছাপুরে প্রবাসী সাংবাদিকের পরিবারের বিরুদ্ধে হয়রানি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তাজপুর গ্রামে প্রবাসী সাংবাদিক মিজানুর রহমানের বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর আপন ভাইয়ের স্ত্রী ও সাবেক মহিলা লীগ নেত্রী হনুফা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় ওই সাংবাদিকের স্ত্রী ও সন্তানকে বিভিন্নভাবে হয়রানি, হুমকি-ধমকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সহ-দপ্তর সম্পাদক। পেশাগত ও ব্যক্তিগত কারণে তিনি বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। অভিযুক্ত হনুফা বেগম মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা লীগ নেত্রী এবং ওই ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর সাংবাদিক মিজানুর রহমানের স্ত্রী ও সন্তান দুর্গাপূজার ছুটিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে সেই সুযোগে হনুফা বেগম দলবল নিয়ে তাঁদের বাড়ির সীমানায় জোরপূর্বক একটি চাপকল (টিউবওয়েল) স্থাপন করেন। একই স্থানে বাথরুম ও গোসলখানা নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি জানতে পেরে সাংবাদিক মিজানুর রহমান ও তাঁর স্ত্রী স্থানীয় কয়েকজন ব্যক্তিকে ঘটনাস্থলে পাঠান। তাঁরা সেখানে গিয়ে ওই স্থানে টিউবওয়েল, বাথরুম ও গোসলখানা নির্মাণ করতে নিষেধ করলেও হনুফা বেগম তা উপেক্ষা করেন বলে অভিযোগ।
পরদিন ২৯ অক্টোবর ভোরে সিরাজগঞ্জ থেকে বাড়িতে ফিরে সাংবাদিকের স্ত্রী ও সন্তান দেখতে পান, সেখানে ইট-বালু দিয়ে বাথরুম ও গোসলখানা নির্মাণের প্রস্তুতি চলছে। তাঁরা বাধা দিলে হনুফা বেগমের ভাড়া করা লোকজনের সঙ্গে তাঁদের তর্ক-বিতর্ক হয়। এ সময় তাঁদের ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা হনুফা বেগমকে আদালতের রায়ের জন্য অপেক্ষা করার অনুরোধ জানান। তাঁদের বক্তব্য, যেহেতু জমি নিয়ে আদালতে মামলা রয়েছে, তাই আদালত যে পক্ষের পক্ষে রায় দেবেন, সেই পক্ষই জমির অধিকার পাবেন। আদালতের রায় মেনে নেওয়ার আশ্বাস দিলেও অভিযুক্ত পক্ষ জোরপূর্বক নির্মাণকাজ চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ তাঁদের।
ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর সাময়িকভাবে অভিযুক্ত পক্ষ সরে গেলেও পরবর্তী সময়ে বিভিন্ন লোকজন নিয়ে এসে তাঁদের নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। এতে প্রবাসে থাকা সাংবাদিকের স্ত্রী ও সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত হনুফা বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।


