কাতার প্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
আবুল কালাম ফয়সাল,কাতার, প্রতিনিধি:
প্রবাসে থেকেও নিজ এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছেন কাতারপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিন। তাঁর অর্থায়ন ও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলার ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা করে উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল। তবে এটিই জীবনের শেষ অর্জন নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, গুণীজনদের সম্মানিত করলে সমাজে নতুন গুণী মানুষের জন্ম হয়। মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলার ৩৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে সংবর্ধিত হচ্ছে, এটি অত্যন্ত আনন্দের বিষয়। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকলে বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে থাকা সম্ভব।
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও কাতার প্রবাসী সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মাঈন উদ্দিন সোহাগ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মাদরাসা টিচার্স ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাওলানা অধ্যাপক ড. আহম্মদ উল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. মো. আবদুল হান্নান, লাকসাম মডেল কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের, শাহপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন, মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা অধ্যাপক আশরাফুজ্জামান মোল্লা ও আবদুল খালেক মোল্লা, সহসভাপতি এস এম মুনসুর, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, সাংবাদিক নেতা মজিবুর রহমান দুলাল, নির্বাহী সদস্য শওকত হোসেন বিপ্লব, সাংবাদিক আবুল খায়ের, জাহাঙ্গীর আলম মিয়াজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কাতারপ্রবাসী সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিনের আর্থিক সহযোগিতায় ৩৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার শিক্ষা, মানবিক ও সামাজিক উন্নয়নে এমন উদ্যোগ স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় শিক্ষাবিদ এবং মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


