কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্যের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি সবার জন্যই উদ্বেগের উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদে ঘটনার বিস্তারিত তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, গত রাতে অর্থাৎ ১২ নভেম্বরের শুরুতে রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে।
যে টিনশেড আধা পাকা বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে, সেখান থেকে ২০ মিটার দূরে তাঁর বাবা-মা একটি তিনতলা বাড়িতে থাকেন। টিনশেড বাড়িটিতে মূলত কেউ বসবাস করতেন না। সেখানে শুধু দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল।
ঘটনার পরপরই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার (এসপি) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তের প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, স্থানীয় ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা এবং ঘটনাস্থলের আলামত মূল্যায়ন করে প্রাথমিকভাবে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে পেট্রোল বোমার ব্যবহারের চিহ্ন পাওয়া যায়নি। কোনো সাক্ষীও পেট্রোল বোমা ব্যবহারের বিষয়ে তথ্য দেননি।
ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এবং বৈদ্যুতিক তারের সংযোগব্যবস্থা দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে পূর্ণাঙ্গ তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পরিত্যক্ত বা কম ব্যবহৃত ওই বাড়িতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল। আগুনে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ছাগল মারা গেছে। এ ঘটনায় ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ সেটির ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
এ ঘটনার পেছনে কেউ নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে থাকলে এবং অধিকতর তদন্তে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


