সারা দেশে সার ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে এই নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না, তা সরকারের কাছে জানতে চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তাঁর অভিযোগ, সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভাগনে ও অন্যান্য আত্মীয়স্বজনকে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে। এমনকি সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মাধ্যমে অর্থের বিনিময়ে সুপারিশপত্র (ডিও) দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে এসব অভিযোগ তোলেন হাসনাত আবদুল্লাহ। জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, নিয়ম মেনেই কমিটিগুলোর সুপারিশের ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে।
সংসদে বক্তব্য দেওয়ার সময় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনের শিরোনাম উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমি কয়েকটা হেডলাইন পড়ি—সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের ২৮ জনই বিএনপি। তার মধ্যে ১০ জন হচ্ছেন নেতার স্ত্রী, নেতার সন্তান, নেতার ভাগ্নি। এবং কিছুদিন আগে নাটোরের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে মারা হয়েছে। এক এমপির সন্তান কর্তৃক—সেই সন্তানও সারের ডিলার পেয়েছে।’
সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই যে সারা দেশব্যাপী সারের ডিলারের মহোৎসব হয়েছে, যেখানে সংরক্ষিত আসনের যারা এমপি, এই অসাংবিধানিক সংরক্ষিত আসনের এমপিরা কোনো কোনো জায়গায় অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন। ১৫টা ইউনিয়নের হয়তো ৩০টায় ডিও দিয়েছেন।’
এ প্রসঙ্গে অতীতের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি সরকার যখন ২০০৯ সালে বিরোধী দলে ছিল, তখন সংরক্ষিত আসনের এমপিদের বিরোধী দলের আসনের দায়িত্ব দেওয়া নিয়ে তৎকালীন বিএনপির মির্জা ফখরুল সাহেব, যিনি বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি, উনি এই ব্যবস্থাটাকে অসাংবিধানিক বলেছিলেন। কিন্তু এই জিনিসটাই আজকে বিএনপি সরকার করেছে, যেটার কোনো নিয়ম নাই, কোনো রুলস নাই। একটা অসাংবিধানিক কাজ।’
কৃষিমন্ত্রীর কাছে সরাসরি প্রশ্ন রেখে এই সংসদ সদস্য বলেন, ‘মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই কাজটা যে হয়েছে এবং ডিলারশিপে যে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, এমপির স্ত্রীরা ডিলারশিপ পেয়েছে, ভাগনিরা ডিলারশিপ পেয়েছে, ছেলেরা ডিলারশিপ পেয়েছে। আওয়ামী লীগের যারা আগের ব্যবসা করেছিল, মন্ত্রণালয় থেকে যে নিয়মটা করে দেওয়া হয়েছিল, সেখানে আওয়ামী লীগের ব্যবসায়ীরা যেন আবার সুযোগ পায়, সেটা মন্ত্রণালয় করে দিয়েছিল। এটা কি সুপরিকল্পিত ছিল কি না এবং এই ডিলারশিপগুলো আবার রিভিউ করা হবে কি না?’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এই কালচার কবে যাবে যে, আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগ্নে ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মন্ত্রীর কাছে জানতে চাই।’
কৃষিমন্ত্রীর জবাব
হাসনাত আবদুল্লাহর বক্তব্যের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘প্রথমে উনি (হাসনাত) বলেছেন সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই এটা উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ নিক। আমরা তো এটাই চাই। উৎসবকে আমি ভালো অর্থে বুঝি। উৎসবের খারাপ অর্থ যদি চিন্তা করেন, ভিন্ন।’
সারের ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, তাঁর জবাব অপছন্দ হলে সংসদ সদস্য আবারও প্রশ্ন করার সুযোগ পাবেন।
নিয়োগপ্রক্রিয়া তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এবং জেলা পর্যায়ের কমিটি জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে কাজ করেছে।
নিয়োগে স্বচ্ছতা বজায় রাখার দাবি করে মন্ত্রী বলেন, ‘নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল এবং তাতে কিছু সুনির্দিষ্ট নিয়ম ও শর্ত ছিল। সারের ডিলার পেতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে, সেসব শর্ত স্পষ্ট ছিল। মন্ত্রণালয় থেকে উপজেলা ও জেলা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল ঠিক ১৬ আনা নিয়ম অনুসরণ করে প্রার্থী নির্বাচন করতে।’
কমিটির কার্যক্রমের ধাপ বর্ণনা করে তিনি জানান, প্রথমে প্রার্থীরা জেলা প্রশাসকের (ডিসি) কাছে আবেদন করেন। ডিসি সেই আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠান। ইউএনও, উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ওয়ার্ড বা ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি প্রাথমিক যাচাই-বাছাই করে ডিসি কার্যালয়ে প্রস্তাব পাঠায়।
পরে জেলা কৃষি কর্মকর্তা ও ডিসিসহ ছয় থেকে সাত সদস্যের একটি বড় কমিটি ইউএনওদের পাঠানো প্রস্তাবগুলো আবার পর্যালোচনা করে।
কৃষিমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, ‘ওই কমিটির সবাই যাচাই-বাছাই করে একমত হওয়ার পর এক, দুই ও তিন নম্বরে তিনজনের নাম প্রস্তাব করেছে। এই প্রস্তাবনায় ডিসিসহ কমিটির সব সদস্যের স্বাক্ষর রয়েছে। এটি কোনো একজন লোকের স্বাক্ষরে আসেনি। মন্ত্রণালয়ে আসার পর এক নম্বরে যিনি ছিলেন, আমরা তার নামেই ডিক্লারেশন দিয়েছি। এই হলো মন্ত্রণালয়ের কাজ।’
পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের স্বাক্ষরিত প্রস্তাবের ভিত্তিতেই ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী।


