বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতির সুযোগ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকার পাতা ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে এক-দুটি ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমন দাবি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো মূল্যে শিল্পবান্ধব ও বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের ভেতরে অবস্থান করে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন পেয়ে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও দক্ষতার সঙ্গে তাদের অপচেষ্টা এবং নীলনকশা ভণ্ডুল করে দিয়েছে।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের পোশাকশিল্প এলাকাগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। উসকানি সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন, যাতে উৎপাদন ও রপ্তানি কোনোভাবেই ব্যাহত না হয়। শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে এসব এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, একটি পত্রিকায় পরিস্থিতির অবনতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইটে থাকা তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে, আগের বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। কিন্তু আগের বছরগুলোর সঙ্গে নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে রাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, দেশজুড়ে ককটেল নিক্ষেপ কিংবা অরাজকতা সৃষ্টির চেষ্টায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সীমান্তের ওপারে কিংবা দেশের ভেতরে থাকা যৌথ ষড়যন্ত্রকারীদের বিষয়ে সরকারের কাছে সব তথ্যপ্রমাণ রয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। প্রয়োজনে উপযুক্ত সময়ে এসব তথ্যপ্রমাণ জনসমক্ষে প্রকাশ করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।