নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক ট্রেন চালুর প্রকল্প বাস্তবায়নের পর এই নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চালুর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
দেশের রেল যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীসেবার মান বাড়ার পাশাপাশি পণ্য পরিবহনে গতি আসবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতাও কমবে।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথকে বেছে নেওয়া হয়েছে।
তিনি জানান, পাইলট প্রকল্পটি ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।
প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের বেশির ভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর ২০২৮ সালের মাঝামাঝি সময় থেকে বড় ধরনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
পাইলট প্রকল্পের আওতায় এই রেলপথে চলাচলের জন্য ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে ট্রেনের দিক পরিবর্তনের জন্য আলাদাভাবে ঘোরানোর প্রয়োজন হবে না। এতে নির্দিষ্ট বিরতিতে নিয়মিত ট্রেন চলাচল সম্ভব হবে।
ঢাকা-চট্টগ্রাম রেলপথে গুরুত্ব
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে পাইলট প্রকল্প বাস্তবায়নের পর চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন সেবা সম্প্রসারণকে দেশের আধুনিক রেল নেটওয়ার্ক বিস্তারের পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেলপথ রাজধানীকে দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় এবং পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।
রফিকুল ইসলাম আরও বলেন, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়। এটি মোট কনটেইনার পরিবহনের প্রায় ৩ শতাংশ।
ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের মাধ্যমে রেলপথে বছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এতে রেলপথে পণ্য পরিবহনের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
রফিকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক ট্রেন সেবা সম্প্রসারণের পাশাপাশি আধুনিক পণ্য ব্যবস্থাপনার সুবিধা গড়ে তোলা গেলে বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক সক্ষমতা আরও বাড়বে।
রেল অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগ
রেলওয়ে সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক ট্রেন চালু এবং ভবিষ্যতে এ সেবা সম্প্রসারণের উপযোগী পরিবেশ তৈরিতে বাংলাদেশ রেলওয়ে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
রফিকুল ইসলাম জানান, ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। অন্যদিকে টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
তিনি বলেন, জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো বৈদ্যুতিক ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় সহায়তা করবে।
এদিকে টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনগুলো ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তর করা হচ্ছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুলেট ট্রেনের পরিবর্তে বৈদ্যুতিক ট্রেনে গুরুত্ব
রেলওয়ে সূত্র জানায়, সরকার বর্তমানে ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর ওপর গুরুত্ব দিচ্ছে।
রফিকুল ইসলাম বলেন, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি থেকে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। এ ছাড়া জমি অধিগ্রহণ এবং দেশের ঘনবসতিপূর্ণ ও কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
তিনি জানান, অবকাঠামো নির্মাণের ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনাকে রেল যোগাযোগ আধুনিকায়নের তুলনামূলক বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বৈদ্যুতিক ট্রেন চালু হলে কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ কমার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ রেলওয়ে নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল এবং কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়া অনুসরণ করে এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও রয়েছে।
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথের পাইলট প্রকল্পটি দেশের বৃহত্তর বৈদ্যুতিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার ভিত্তি তৈরি করবে বলে আশা করা হচ্ছে। এই নেটওয়ার্কের পরবর্তী বড় সম্প্রসারণের গন্তব্য হিসেবে চট্টগ্রামকে বিবেচনা করা হচ্ছে।
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন সেবা চালু করা গেলে যাত্রী ও পণ্য পরিবহনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এর ফলে যোগাযোগব্যবস্থা দ্রুততর হওয়ার পাশাপাশি রেলওয়ের পরিচালন দক্ষতা বাড়বে এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।


