রাজধানীর বনানীতে অবস্থিত প্রচলিত ব্যাংকিং শাখাকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তর করেছে মিডল্যান্ড ব্যাংক। শরিয়াহসম্মত আর্থিক সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
সম্প্রতি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের নিলুফার হাইটসের (বি-৫২, প্রথম তলা) এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান এবং কমিটির সদস্য আবু ইউছুফ মো. নেসার উদ্দিন ও মুহাম্মদ শাহজাহান মাদানী।
এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নাজমুল হুদা সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপান্তরিত শাখাটির মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকেরা শরিয়াহসম্মত আমানত, বিনিয়োগসহ আধুনিক ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা পাবেন। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নীতিমালা অনুসরণ করে এসব কার্যক্রম পরিচালিত হবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বনানী ও আশপাশের এলাকার ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকদের মধ্যে শরিয়াহভিত্তিক আর্থিক সেবার চাহিদা বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতেই প্রচলিত শাখাটিকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা বলেন, বনানী শাখাকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তর করা মিডল্যান্ড ব্যাংকের ইসলামি ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগের অংশ। এর মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক, সহজলভ্য ও শরিয়াহসম্মত আর্থিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।


