কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে যৌথ তদন্ত কমিটি। জেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে গঠিত এই কমিটি তদন্তকাজ শুরু করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে কমিটির সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে যান। তাঁরা আগুনে পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন। পরে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য লিপিবদ্ধ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে করা হয়েছে সদস্যসচিব।
কমিটির অন্য দুই সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন।
শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে কমিটির সদস্যরা নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া পুরোনো পারিবারিক বাড়িটি পরিদর্শন করেন। এ সময় তাঁরা ঘটনাস্থল পর্যবেক্ষণের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেন।
তদন্ত কমিটির আহ্বায়ক জানান, আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার থেকে তদন্তের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, বিভিন্ন ব্যক্তির বক্তব্য ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার সহায়তায় তদন্তকাজ চলছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের দুটি দল মাঠে কাজ করছে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় নুসরাত তাবাসসুম নিজে বাদী হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আটজন শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার দিবাগত মধ্যরাতে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। তাঁর ও পরিবারের সদস্যদের দাবি, পতিত আওয়ামী লীগের লোকজন বাড়িটিতে পেট্রলবোমা হামলা চালালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


