যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে গিয়েছিলেন, একইভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে চায় ভারত। এ ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনীকে তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়ার পক্ষে নয়াদিল্লি। পাশাপাশি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করার বিষয়টিও চায় ভারত। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ করতে নয়াদিল্লি দুটি প্রধান শর্ত সামনে এনেছে। প্রথমত, তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। এ জন্য একটি সামরিক বিমান পাঠাতে হবে। কারণ, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর বাংলাদেশের একটি সামরিক বিমানেই ভারতে গিয়েছিলেন তিনি। তবে স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থান দিয়েও সেনাসদস্যরা তাঁকে গ্রহণ করতে পারেন।
দ্বিতীয়ত, জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারের নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নয়াদিল্লির জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে দণ্ডিত একজন সাবেক নেতাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ভারত।
ভারতীয় নীতিনির্ধারকেরা চেয়েছিলেন, শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যান। এ বিষয়ে কয়েকটি দেশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সফলতা আসেনি। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন একমাত্র বাস্তবসম্মত পথ হিসেবে দেখছে ভারত। এ ছাড়া নয়াদিল্লির ধারণা, শেখ হাসিনা দেশে না ফিরলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাঁকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব, তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’
ভারত চায়, আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে এই বিচারপ্রক্রিয়া সম্পন্ন হোক।
এদিকে এক ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তা যাতে ঝুঁকির মুখে না পড়ে, সে জন্য তাঁর সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে—এমন নিশ্চয়তা চায় নয়াদিল্লি।
বিবিসি বাংলা জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাইলেও প্রত্যর্পণ চুক্তির আইনি দিক বিবেচনার কথা বলে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে ভারত। আসামি হিসেবে কোনো বাংলাদেশি বিমানে তাঁকে তুলে দিতে চায় না নয়াদিল্লি। কারণ, এতে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো প্রতিবেশী দেশের মিত্র নেতাদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে।
তবে গত কয়েক মাস ধরে এ বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের দাবি, শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই ওই বৈঠক হয়েছিল।
ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁদের প্রতি সপ্তাহে কথা হয়েছে এবং এখনো হচ্ছে।
দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান স্বাভাবিক ও সহজ সম্পর্ক শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগানো হোক—ভারত আসলে সেটিই চাইছে বলে ওই সূত্র ইঙ্গিত দিয়েছিল।
বিবিসি বাংলার দাবি, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
তবে জ্বালানি সংকট ও পোশাকশ্রমিকদের বিক্ষোভের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে থাকা বাংলাদেশের বর্তমান সরকার আদৌ শেখ হাসিনাকে এখন ফেরাতে চায় কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ভারতীয় কর্মকর্তাদের। তাঁদের আশঙ্কা, শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে।
নয়াদিল্লির সাউথ ব্লকের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা কঠিন—এটি জেনেও ভারত তাঁর ঘোষণায় সম্মতি দিয়েছে। ওই কর্মকর্তার ভাষায়, ‘অন্তত আমরা তখন বলতে পারব যে শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখানোয় তা সম্ভব হয়নি।’
বিবিসি বাংলার প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। শেষ পর্যন্ত ৩১ ডিসেম্বরের মধ্যে তিনি ফিরতে না পারলেও, ভারতে তাঁর অবস্থান দীর্ঘায়িত করার পক্ষে নয়াদিল্লির হাতে নতুন একটি যুক্তি তৈরি হবে বলে মনে করা হচ্ছে।


