শীত মৌসুম সামনে রেখে দেশজুড়ে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু করেছে ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন হাউসফুল অফার’। এ অফারের আওতায় ওয়ালটনের ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলেই ঘরভর্তি পণ্য বিনা মূল্যে পাওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ। ক্রেতারা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই ক্যাম্পেইনের সুবিধা উপভোগ করতে পারবেন।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের প্রথম দিন ১৭ অক্টোবর খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বিনা মূল্যে পেয়েছেন প্রথম বিজয়ী গৃহিণী শতরূপা বিশ্বাস।
উপহার হিসেবে তিনি পেয়েছেন ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য। একটি ফ্রিজ কিনে একসঙ্গে এতগুলো পণ্য উপহার পাওয়ায় শতরূপার পরিবারে এখন উৎসবের আমেজ। তাঁর এলাকায়ও ওয়ালটনের এই অফারে ঘরভর্তি পণ্য পাওয়ার খবর ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ চলাকালে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা কিংবা পরিবেশকের শোরুম থেকে নির্দিষ্ট পণ্য কেনার পর ক্রেতার নাম, মুঠোফোন নম্বর ও পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল নিবন্ধন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে ফিরতি খুদে বার্তার মাধ্যমে ক্রেতাকে উপহার পাওয়ার তথ্য জানানো হবে। শোরুম কর্তৃপক্ষ গ্রাহকের হাতে উপহার তুলে দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলম গ্রাহকসন্তুষ্টি, পণ্যের সর্বোচ্চ গুণগত মান এবং সেবার উৎকর্ষ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি আশা প্রকাশ করেন, এই ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে ওয়ালটনের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে দেশজুড়ে ব্যাপক প্রচারণার আহ্বান জানান। পাশাপাশি অফারের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, “গ্রাহকদের আস্থাই ওয়ালটনের ব্যবসায়িক সাফল্যের মূল চালিকাশক্তি। একজন সন্তুষ্ট গ্রাহক শুধু পণ্যই কেনেন না, বরং ব্র্যান্ডের প্রতি দীর্ঘমেয়াদি বিশ্বাস স্থাপন করেন এবং অন্যদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেন। ক্রেতাদের এই আস্থার প্রতি সম্মান জানিয়েই সিজন-২৫ এ ঘরভর্তি ফ্রি পণ্য ও বিদেশ ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে। তাই উপহার প্রদান ও পণ্য নিবন্ধনের প্রতিটি ধাপে শতভাগ স্বচ্ছতা ও সঠিক গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে।”
বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে গ্রাহকের বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে সংরক্ষণ করা হয়। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা নেওয়া যায়। এই কার্যক্রমে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসাহিত করতে নিয়মিত বিরতিতে ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের বিক্রয় বিভাগের প্রধান মো. ফিরোজ আলম। তাঁরা ক্যাম্পেইনের প্রচার, বিক্রয় কার্যক্রম জোরদার এবং গ্রাহকদের কাছে অফারের সুবিধা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।
ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মো. শাহজালাল হোসেন লিমন, প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও ডিলার নেটওয়ার্কের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যুক্ত ছিলেন।


