দেশে ডিজিটাল লেনদেনে মানুষের অভ্যস্ততা এবং এর আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণে যৌথভাবে গবেষণা করার উদ্যোগ নিয়েছে বিকাশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর)।
সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
‘এক্সপ্লোরিং ডিজিটাল ট্রানজ্যাকশন অ্যাডাপটেশন ইন বাংলাদেশ: ড্রাইভারস, সোশ্যাল আউটকামস, অ্যান্ড পলিসি ইমপ্লিকেশন’ শীর্ষক গবেষণাটির মূল লক্ষ্য মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ডিজিটাল লেনদেন ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) ভূমিকা বিশ্লেষণ করা।
সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ইমেরিটাস ও আইএআর-এর নির্বাহী পরিচালক ড. এম রিজওয়ান খান, বিকাশের চিফ লিগ্যাল অফিসার এম মাজেদুল ইসলাম এবং এমপ্লয়ার ব্র্যান্ডিং অ্যান্ড রিক্রুটমেন্ট বিভাগের ইভিপি ও হেড শাহরিয়ার মাহমুদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়ের সঙ্গে দেশের মানুষ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠছেন। মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও ব্যাংকগুলোর ধারাবাহিক উদ্ভাবন, ডিজিটাল লিটারেসি বাড়ানোর উদ্যোগ, বিস্তৃত আর্থিক সেবা-ব্যবস্থা এবং নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতায় দেশে ডিজিটাল লেনদেনের ব্যাপক প্রসার ঘটেছে। এতে মানুষের আর্থিক লেনদেনের ধরন ও ব্যবহারে বড় পরিবর্তন এসেছে।
এই ডিজিটাল রূপান্তরের সঙ্গে গ্রাহকেরা কীভাবে খাপ খাইয়েছেন, ডিজিটাল লেনদেনের ওপর তাঁদের আস্থা কতটা এবং ব্যবহারিক ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, তা গবেষণায় তথ্য-উপাত্তের ভিত্তিতে তুলে ধরা হবে।
গবেষণায় দেশে ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রসারের পেছনে মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করা প্রধান অনুঘটকগুলো বিশ্লেষণ করা হবে। পাশাপাশি লেনদেনের পরিধি বাড়াতে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এবং সরকারি সহায়তার ভূমিকা পর্যালোচনা করা হবে।
ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হওয়ার মূল কারণগুলো চিহ্নিত করার পাশাপাশি সমাজজীবনে এর সামগ্রিক প্রভাবও অনুসন্ধান করবে গবেষক দল। এ ছাড়া মানুষের আস্থা ও সমাজে প্রচলিত ধারণা ডিজিটাল লিটারেসি এবং ডিজিটাল লেনদেনে কী ধরনের প্রভাব ফেলে, তা-ও বিশ্লেষণ করা হবে।
গবেষণার ফলাফল দেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, গবেষক ও নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে দিকনির্দেশনা দেবে এ গবেষণা।


