নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের দাম্মামগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে একই কারণে রিয়াদগামী ফ্লাইট স্থগিত করা হয়েছিল।
সোমবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বিজি-৩৪৯ ফ্লাইটটির। তবে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দাম্মামগামী ফ্লাইট চলবে কি না, তা নিশ্চিত করেনি বিমান। ফ্লাইটটির পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে হালনাগাদ তথ্য জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ছাড়া একই রুটে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।


