পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবের মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর, আহত ১০

Main Admin
জুন ৬, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল উৎসব অনুষ্ঠানের তৈরি মঞ্চ দুই দফায় ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা মঞ্চের সামনে থাকা বেশকিছু চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং প্যান্ডেল খুলে ফেলে।

এই অনাকাঙ্ক্ষিত হামলার প্রতিবাদ করতে গিয়ে এনসিপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এবং আজ শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দলগত অবস্থান স্পষ্ট করতে ঘটনাস্থলে গিয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এনসিপি নেতাকর্মীদের তীব্র রোষানলে পড়েন ও তোপের মুখে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে রূপগঞ্জ উপজেলা এনসিপির আয়োজনে এক ফল উৎসবের আয়োজন করা হয়। আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত এই ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নাসীরুদ্দীন পাটওয়ারীর। এই ফল উৎসবকে ঘিরে আগের দিন থেকেই মাঠে প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ চলছিল। তবে শুক্রবার রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল মহড়া দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রথম দফায় ওই মঞ্চ ও প্যান্ডেল ভেঙে ফেলে, যাতে পুরো এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। এরপর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফল উৎসব সফল করার লক্ষ্যে আবারও নতুন করে প্রস্তুতি নেন এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা।

পরে আজ শনিবার বেলা ৩টার দিকে প্যান্ডেল ও মঞ্চ তৈরির চূড়ান্ত প্রস্তুতি চলাকালীন সময়ে হঠাৎ করে আবারও ৫০ থেকে ৬০টি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে দ্বিতীয় দফায় মঞ্চ ভাঙচুর শুরু করে। এ সময় মঞ্চের সামনের চেয়ার-টেবিল ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি টানানো প্যান্ডেলও খুলে ফেলা হয়। ঘটনার সময় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত আমন্ত্রিত সাধারণ মানুষসহ আশপাশের লোকজন প্রাণভয়ে ছোটাছুটি করতে শুরু করে। হামলাকারীদের এই অতর্কিত হামলায় এনসিপির রূপগঞ্জ উপজেলা যুগ্ম সদস্য সচিব ফারাবি হাসান, নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সদস্য সচিব ইউসুফ মোল্লা এবং জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ এনসিপির অন্তত ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে হামলার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের পাশাপাশি ঘটনাস্থলে যান রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ুন। তিনি সেখানে গিয়ে ক্ষুব্ধ এনসিপি নেতাকর্মীদের শান্ত করতে ও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে উপস্থিত এনসিপির নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে।

উপস্থিত এনসিপি নেতাকর্মীদের সরাসরি অভিযোগ, আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের প্রত্যক্ষ নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরাই ফল উৎসবের প্যান্ডেল ও মঞ্চ ভাঙচুরের এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

এনসিপি নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের পরোক্ষ উপস্থিতির মধ্যেই তারা এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে এবং দলের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে মারাত্মক জখম করেছে, যা অতীতের ফ্যাসিবাদের বর্বরতাকেও হার মানায়।

অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এসব ব্যাপারে বিন্দুমাত্র কিছুই জানি না। রাজনৈতিক উদ্দেশ্যে শুধু শুধু আমার ব্যাপারে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।’

অন্যদিকে, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ুন তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা কোনোভাবেই আমাদের দল তথা বিএনপির কেউ না। দলের সুনাম নষ্ট ও দুর্নাম করার জন্যই মূলত আওয়ামী প্রেতাত্মারা সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।’

পুরো ঘটনার আইনগত সার্বিক পরিস্থিতি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, এনসিপির একটি ফল উৎসবের প্রোগ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে গেছে। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে; এনসিপির নেতাকর্মীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদেই তাদের ফল উৎসবের বাকি অনুষ্ঠান সম্পন্ন করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।