সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ খেলছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে হামজা চৌধুরী ও সামিত সোমের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দল। আগের ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি মূলত গ্রুপসেরা হওয়ার লড়াই।
ভুটানের বিপক্ষে বাংলাদেশ জয় পেলেও সেদিন দলের খেলায় তেমন পরিকল্পনা ও ছন্দ দেখা যায়নি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ও গোছানো ফুটবল খেলছে বাংলাদেশ। ম্যাচের পঞ্চম মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পায় দল। সেখান থেকে হামজা চৌধুরীর নেওয়া শটটি অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। কয়েক মিনিট পর হামজার তৈরি করা আক্রমণ থেকেই এগিয়ে যায় দল। ডান প্রান্ত থেকে তাঁর বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো ধরতে পারেননি। বক্সে থাকা সামিত সোম প্রথম শটে বল জালে পাঠানোর চেষ্টা করেন। তবে তাঁর শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে দ্বিতীয়বার শট নিয়ে জালে বল পাঠান সামিত। গোলের আনন্দে মেতে ওঠে গ্যালারি।
হামজা সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও আজ শুরু থেকেই তাঁকে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় দেখা যাচ্ছে। বাংলাদেশের আক্রমণ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। ভুটান ম্যাচে গোল করা ইব্রাহিম আজ খেলছেন স্ট্রাইকার পজিশনে।
প্রথম গোলে সহায়তা করার পর দ্বিতীয় গোলটি নিজেই করেছেন হামজা। ইব্রাহিমের বাড়ানো বল বক্সে দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর এক ডিফেন্ডারকে কাটিয়ে সামনে এগিয়ে যান। শ্রীলঙ্কার গোলরক্ষক পেরেরা সামনে এগিয়ে এসেও তাঁকে আটকাতে পারেননি। গোলরক্ষকের পাশ দিয়ে জোরালো শটে বল জালে পাঠান হামজা। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর পঞ্চম গোল।
এর আগেও গোলের সুযোগ তৈরি করেছিলেন হামজা। বক্সের মধ্যে দারুণ দক্ষতায় প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে ব্যাকহিল করেন তিনি। তবে বল পোস্টের সামান্য ওপর দিয়ে বাইরে চলে যায়।
এক গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা। কয়েকটি আক্রমণও গড়ে তোলে তারা। তবে সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি দলটি। বাংলাদেশের ডিফেন্ডার জিদান ইফসুফও এই ম্যাচে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই গোলের ব্যবধানে জয় ধরে রাখতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। সে ক্ষেত্রে ভুটান রানার্সআপ হিসেবে সেমিফাইনালে খেলবে।


