বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: সংসদে শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতা, ককটেল বিস্ফোরণ, হামলা ও সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করে তিনি বলেছেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে, আমরাও বসে থাকব না। কারণ, এই দেশ আমাদের সবার।’

আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা। এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চান জানিয়ে শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করেন। তিনি বলেন, ‘ঠিক আছে, একাই করেন, তবে করেন, আমরা সেটা চাই। আর যদি বিরোধী দলের ভূমিকার প্রয়োজন হয়, সেটা বলবেন তো? সেটাও বলা হচ্ছে না।’

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের স্পষ্ট বক্তব্য ও কার্যকর পদক্ষেপের দাবি জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাঁরা ‘অকার্যকর’ অবস্থায় দেখতে পাচ্ছেন বলেও দাবি করেন বিরোধীদলীয় নেতা। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জাতির সামনে স্পষ্ট বক্তব্য ও দৃশ্যমান উদ্যোগ প্রত্যাশা করেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘আমরা খুবই উদ্বেগ ও বেদনার সঙ্গে লক্ষ করছি, গত কয়েক দিন ধরে অব্যাহতভাবে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চলছে। এমনকি আর্মি গলফ ক্লাবেও গিয়ে এখন ককটেল বিস্ফোরণ হচ্ছে। এসবির সদর দপ্তরের সামনে হচ্ছে, থানার গেটে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন হয়েছে, আজকে দুজন সেখানে আহত হয়েছে।’

সীমান্ত ও পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমনে অভিযান চালাতে গিয়ে এক তরুণ সেনাসদস্যের মৃত্যুর ঘটনা এবং সাজেক ভ্যালিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিষয়টিও তুলে ধরেন তিনি। এ ছাড়া গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও আগুন দেওয়া, সরকারি দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেন শফিকুর রহমান।

বিরোধীদলীয় নেতা বলেন, এসব বিষয়ে আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নতি না হয়ে ক্রমেই অবনতি হচ্ছে। এতগুলো ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাকে, কোথায় গ্রেপ্তার করেছে, তার কোনো হদিস নেই। বরং সাধারণ মানুষ তিন-চারজনকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে।

দেশে বিজিবি, এসবি, এপিবিএন, নিয়মিত পুলিশ ও আনসার ব্যাটালিয়নের মতো একাধিক বাহিনী থাকার পরও কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি। শফিকুর রহমান বলেন, গত দুই থেকে চার দিনের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সংসদে বক্তব্য দেবেন বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু দুই দিন পার হলেও কোনো উদ্যোগ বা বক্তব্য দেখা যায়নি।

তিনি বলেন, ‘তাহলে দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এটার দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নাই, কোনোভাবে দায় এড়ানো যাবে না।’

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের ওপর দমন-পীড়নের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন জামায়াতে ইসলামীর এই নেতা। তিনি বলেন, ‘এই ফ্যাসিস্ট আমলে আমরা নিষিদ্ধ ছিলাম না, আমাদের অফিস তালাবদ্ধ করা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা একটা বৈধ দল ছিলাম, সেখান থেকে ঘর থেকে বের হতে পারিনি।’

শফিকুর রহমান জানান, তখন কোনো মিছিল বের করার আগেই তাঁদের ধারণা থাকত, অন্তত দুটি মামলা হবে এবং কয়েকজনকে কারাগারে যেতে হবে। কিন্তু এখন ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনা ঘটলেও আইন প্রয়োগের দৃশ্যমান কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।