মান্দায় ট্রাকচাপায় প্রাণ গেল সাগরের, দেলুয়াবাড়ি বাজারে শোকের ছায়া
সাহেদ রানা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় সাগর হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মহানগর নিচপাড়া এলাকায় চৌবাড়িয়া-দেলুয়াবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি ট্রাকের চাপায় পড়েন সাগর। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সাগর হোসেন মান্দা উপজেলার কিত্তলী গ্রামের আনোয়ার হোসেনের ছোট ছেলে। তিনি দেলুয়াবাড়ি বাজারের পরিচিত ব্যবসাপ্রতিষ্ঠান মিঠু টেলিকমের স্বত্বাধিকারী মিঠুর ছোট ভাই।
তরুণ সাগরের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন অনেকে। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পরিচিতজনেরা।


