গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে সিটিজেনস ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এই চুক্তির আওতায় ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি অ্যাড মানি, রেমিট্যান্স ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)–সহ বিভিন্ন আর্থিক লেনদেনের সেবা আরও বড় পরিসরে দেওয়া সম্ভব হবে।
সম্প্রতি রাজধানীর মতিঝিলে সিটিজেনস ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ এবং সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেনের উপস্থিতিতে চুক্তিতে নগদের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ (এফসিএ)। সিটিজেনস ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল লতিফ।
বাড়বে আর্থিক সেবার পরিসর
চুক্তির ফলে নগদ ও সিটিজেনস ব্যাংকের ব্যবসায়িক অংশীদারিত্ব আরও বিস্তৃত হবে। সিটিজেনস ব্যাংক থেকে নগদ ওয়ালেটে অ্যাড মানি এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সেবা নেওয়া যাবে। পাশাপাশি সিটিজেনস ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের প্রত্যন্ত অঞ্চলে তাঁদের পরিবারের কাছে আরও সহজে পৌঁছে দেবে নগদ।
এ ছাড়া গ্রাহক ইন্টিগ্রেশন ও অনবোর্ডিং প্রক্রিয়া সহজ করার মাধ্যমে আরও বেশি মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা সম্ভব হবে।
এই অংশীদারিত্ব দেশের ক্যাশলেস লেনদেনের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বর্তমানে সিটিজেনস ব্যাংকসহ দেশের ৪১টি ব্যাংকের সঙ্গে নগদের ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট চুক্তি রয়েছে।
যা বললেন নগদের কর্মকর্তা
অনুষ্ঠানে নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ বলেন, ‘গ্রাহকদের জন্য দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে ব্যাংকের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও শক্তিশালী করতেই হবে। এ জন্যই সিটিজেনস ব্যাংকের সঙ্গে আমাদের এই কৌশলগত অংশীদারিত্ব। আমরা মনে করি, এ ধরনের অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য ডিজিটাল লেনদেন আরও সহজ হবে এবং দেশের ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার পথ আরও প্রসারিত হবে।’
নগদের মাধ্যমে সেবা পৌঁছাবে সাধারণ মানুষের কাছে
সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন বলেন, ‘সারা দেশে নগদের যে বিস্তৃত নেটওয়ার্ক, সেটা কাজে লাগিয়ে আমাদের ব্যাংকের সেবাগুলো সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিতে চাই। আগামীতে আমরা ন্যানো লোনের মতো বিভিন্ন সেবা নগদের মাধ্যমে বিতরণ করতে চাই। দেশের মানুষের কল্যাণে কাজ করছে নগদ, আগামীতে আরও গ্রাহকবান্ধব সেবা নিয়ে আসবে বলে প্রত্যাশা করি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক প্রবাল আহমেদ (এসিএ), সহযোগী প্রশাসক মো. আজহারুল হক, ট্রেজারি অ্যান্ড মার্চেন্ট অপারেশনস বিভাগের প্রধান আবিদ খান, ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্ট অ্যান্ড এসওসি বিভাগের প্রধান দেবব্রত কুমার চন্দ (পলাশ), হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু এবং রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশার।
সিটিজেনস ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রিন্সিপাল শাখার প্রধান আব্দুর রউফ ভূঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুজিবুর রহমান, হেড অফ এসএমআর বিজয় চন্দ্র দাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ক্যাশলেস লেনদেনে নগদের কার্যক্রম
দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে নগদ। পাশাপাশি ‘বাংলা কিউআর’ (Bangla QR) পেমেন্ট সেবা ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সুবিধা চালু করে ক্যাশলেস লেনদেনের সুযোগ আরও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে দেশের ১০ লাখ বাংলা কিউআর মার্চেন্টে নগদ অ্যাপের মাধ্যমে সহজেই পেমেন্ট করা যাচ্ছে। পাশাপাশি এনপিএসবি সুবিধার মাধ্যমে ব্যাংক ও অন্যান্য আর্থিক সেবার সঙ্গে গ্রাহকদের ডিজিটাল লেনদেন আরও সহজ হয়েছে।


