মদনপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
তারেক হাছান চৌধুরী,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের প্রস্তুতি ও তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) মদনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিনের সঙ্গে ফ্যামিলি কার্ড কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী দল ও সুপারভাইজারদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নাগরিকদের মধ্যে সঠিকভাবে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কৌশল, তথ্য সংগ্রহের পদ্ধতি ও সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ডের জন্য উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং সচল মোবাইল নম্বর সংগ্রহের প্রক্রিয়া ও গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় তথ্য সংগ্রহকারী দলের সদস্য ও সুপারভাইজার দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকনির্দেশনা গ্রহণ করেন।
মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে সঠিকভাবে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে হবে। এ কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শরিফুল ইসলাম শফিক, সংরক্ষিত নারী সদস্য (১,২ ও ৩নং) হট এর মহিলা মেম্বার সাহারা বেগম, সমাজসেবক মোহাম্মদ জাহিদ ভূঁইয়া, নাসির উদ্দিনসহ ফ্যামিলি কার্ড কার্যক্রমে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারী দলের সদস্য ও সুপারভাইজাররা।
সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।


