ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর গত বছর থেকে বড় পর্দায় নিয়মিত কাজ করছেন। কিং খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় সহশিল্পী হিসেবে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। প্রথম সিনেমাতেই দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করে আলোচনায় আসেন তিনি। নজরে পড়েন নির্মাতাদেরও। এরই মধ্যে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমার গল্প ভালো লাগায় এতে কাজ করতে রাজি হয়েছেন সাবিলা নূর।
এই সিনেমার মাধ্যমে আবারও অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন তিনি। এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন তাঁরা। নতুন সিনেমার প্রস্তুতি নিয়েও এখন ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
দীর্ঘদিন ধরেই সাবিলা নূরের বিবাহবিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এবার জানা গেল, নতুন করে প্রেমে পড়ার খবর। গত কয়েক মাস ধরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা-কল্পনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কখনো বিচ্ছেদের খবর, আবার কখনো নতুন সম্পর্কের গুঞ্জন—কোনো কিছু নিয়েই মুখ খোলেননি এই অভিনেত্রী।
অবশেষে নীরবতা ভেঙে নতুন সম্পর্কের কথা জানিয়ে সব জল্পনার অবসান ঘটিয়েছেন সাবিলা নূর। তবে তাঁর এবারের প্রেমের গল্পে কোনো মানুষের উপস্থিতি নেই; বরং রয়েছে অন্য রকম এক ভালো লাগার অধ্যায়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন সাবিলা নূর। তবে বিবাহবিচ্ছেদ নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। নতুন সম্পর্কের বিষয়ে কথা বললেও প্রশ্নের জবাব দিয়েছেন ভিন্নভাবে।
এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘নতুন সম্পর্ক বা নতুন ভালোবাসার যে খবর আসছে, সেটির আজকেই সিক্রেট বের হয়ে গেল। আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। আমার এই ভালোবাসার লিলি যেন সবসময় আমার সঙ্গে থাকে।’


