বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলো ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য বলে প্রচার করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি দেশকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘আমরা এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। যেকোনো দেশকে এভাবে বিকৃত করে দেখানোর চেষ্টা সত্যিই দুর্ভাগ্যজনক।’
ঢাকার দৃশ্যকে দিল্লির বলে প্রচারের পেছনে বিদেশিদের যুক্ত থাকার বিষয়ে তিনি বলেন, ‘মিথ্যা তথ্য বা গল্প সাজানোর এই চেষ্টা মূলত যারা এসব করাচ্ছে এবং যারা ভিডিও ধারণ করছে, তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয়।’
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে জয়সওয়াল বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, যেন এই খবরের ভিত্তিতে তারা ব্যবস্থা নেয়।’
দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৫০ জন চীনা নাগরিক ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে নয়াদিল্লির দৃশ্য বলে দাবি করছেন। এসব ভিডিও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, চীনা ভ্লগাররা ঢাকার টেকপাড়া ও উত্তরার মতো এলাকাকে ভারতের রাজধানী হিসেবে উপস্থাপন করছিলেন। পাশাপাশি সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রা নিয়েও নানা ধরনের কটূক্তি করছিলেন।
প্রতিবেদনে একটি ঘটনার উদাহরণ তুলে ধরে বলা হয়, মিয়ানমিয়ান নামের এক চীনা নারী গত ১ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে সরাসরি সম্প্রচারের সময় ওই জায়গাকে নয়াদিল্লি বলে পরিচয় দেন। এ সময় তিনি এলাকার পরিবেশ নিয়ে কটূক্তি করেন।
ওই নারী বলেন, ‘এটি নয়াদিল্লি। এদের ঘরবাড়ি খুব নোংরা। টিনের চালের ভেতরে কোনো ফ্যানও নেই। এলাকাটি বেশ অনগ্রসর, নোংরা ও অস্বাস্থ্যকর, আর এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও খারাপ।’
অন্য একটি ঘটনায় ওয়াং ওয়েই নামের আরেক ভ্লগার টেকপাড়ায় চা বিক্রেতাদের ভিডিও ধারণের সময় স্থানীয়দের চা পান নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেখুন, এরা চা খাচ্ছে। আপনারা কি জানেন এটি কী চা? এটি গরুর মূত্রের চা। এরা গরুর মূত্র দিয়ে বানানো চা খায়।’
প্রতিবেদনে আরও বলা হয়, এসব ভুয়া ভিডিও উইচ্যাট ও ডাউইনের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। অনুমতি ছাড়াই মানুষের ঘরের ভেতর, রান্নাঘর ও ব্যক্তিগত জায়গায় প্রবেশ করে ভিডিও ধারণ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
স্থানীয় কিছু মানুষ দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকার বিনিময়ে এসব চীনা নাগরিককে এলাকা ঘুরে দেখতে সহায়তা করেন।
স্থানীয় পুলিশ উত্তরায় বিদেশি নাগরিকদের ভিডিও ধারণের বিষয়টি নিশ্চিত করেছে। কেন এসব ভিডিও করা হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
সূত্র: এএনআই।


