বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দেয়ালের বুকে নতুন বাংলাদেশ গড়তে রং-তুলির আঁচড়

Main Admin
আগস্ট ১৪, ২০২৪ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

কদিন আগেও যেসব দেয়ালে ছিল ঘৃণা ও দ্রোহের বহিঃপ্রকাশ এখন সেসব দেয়ালই নজর কাড়ছে নতুন বাংলাদেশের প্রত্যাশার আহ্বানে। ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রং-তুলির রঙিন আঁচড়ে বদলে যেতে শুরু করেছে রংপুরের একেকটা দেয়ালের বুক। দলবেঁধে জরাজীর্ণ ও পুরোনো দেয়ালে থাকা পূর্বের নানা লেখা মুছে রং-তুলিতে বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশকে আঁকছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র আর আবু সাঈদ-মুগ্ধদের মতো শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গৌরবময় নানা গ্রাফিতি। এতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এ উদ্যোগ, বলছেন তারা।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রংপুর নগরীর বিভিন্ন এলাকায় ও গুরুত্বপূর্ণ সড়কের দুপাশের দেয়ালে দেয়ালে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায়। আর এতেই নতুনভাবে রংপুরের বিভিন্ন দেয়াল বদলে গেছে। দেয়াল সাজাতে উৎসাহমূলক নানা চিত্র, ছাত্র আন্দোলনের পটভূমি ও দেশ সংস্কারের নানা স্লোগানে শিক্ষার্থীদের রং-তুলির আঁচড় পড়েছে।

সকাল থেকে নগরীর জিলা স্কুল মোড় (স্বাধীনতা চত্বর), কাচারি বাজার সড়ক, ধাপ চেক পোস্ট, টাউন হল চত্বর, স্টেশন রোড, কলেজ রোড, লালবাগ, কারমাইকেল কলেজ রোড, পার্ক মোড় (শহীদ আবু সাঈদ চত্বর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মেডিকেল মোড়সহ বিভিন্ন এলাকা ও সড়কের দুপাশের দেয়ালে দেয়ালে এখন শিক্ষার্থীদের আঁকা শিল্পকর্ম নজর কাড়ছে পথচারীসহ সাধারণ মানুষের।

শিক্ষার্থীরা বলছেন, একত্রে অনেক সুন্দর সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আন্দোলন ও ত্যাগের মহিমা তুলে ধরতেই সবাই মিলে দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে কারমাইকেল কলেজ রোডে দেয়াল ও সড়কের আশপাশে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় একঝাঁক শিক্ষার্থীদের। তারা দেয়ালে অঙ্কন করতে সঙ্গে এনেছে নানা রকম রং আর বাহারি তুলি।

সেখানে স্বেচ্ছাসেবী রেজওয়ান আহমেদ সৌধের সঙ্গে কথা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, পরবর্তী প্রজন্মের কাছে সমাজ বা রাষ্ট্রের কী চাওয়া সেটা তুলে ধরতেই শিক্ষার্থীদের এ উদ্যোগ। আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছি। কিছুদিন আগে যেখানে দ্রোহের আগুন ছিল এখন সেখানে দেশ গড়ার আহ্বান ফুটে উঠেছে। শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে শুধু দেয়াল নয় তাদের আহ্বানে আমাদেরও বদলে যেতে হবে।

এদিকে দেয়ালে দেয়ালে ‘পানি লাগবে কারো’, ‘স্বাধীন করেছি, সংস্কারও করবো’, ‘আমিই বাংলাদেশ’, ‘আপনি কখনো মনে করবেন না যে, জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন’ ‘দুর্নীতি রুখে দাও’, ‘নতুন বাংলাদেশ’, ‘আমার স্বাধীনতা’, ‘জাগো বাহে কোনঠে সবাই’, ‘বল বীর, বল বীর, বল উন্নত মম শির’সহ এমন অসংখ্য লিখনি ও আন্দোলনের নানা চিত্রে রংপুরের দেয়াল এখন রঙিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।