রাষ্ট্রের নীতি ও কাঠামোগত সংস্কার না হওয়ায় দেশের সার্বিক পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আসছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, সংস্কার না হলে আগামী পাঁচ বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। তাই জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতেই হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাষ্ট্রের কাছে জনগণের যে প্রত্যাশা, তার কোনো ক্ষেত্রেই স্বস্তিদায়ক পরিস্থিতি নেই। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। জ্বালানি খাতে মানুষকে দফায় দফায় হয়রানির শিকার হতে হচ্ছে। জননিরাপত্তার ক্ষেত্রেও তেমন কোনো উন্নতি হয়নি। বিনিয়োগ পরিস্থিতিও ভয়াবহ।
তিনি বলেন, সরকারের ছয় মাস পার হয়েছে। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। এর কারণ রাষ্ট্রের কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি এবং নীতিগত সংস্কারও হয়নি। জুলাই গণ-অভ্যুত্থানের পর শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের গুণগত পরিবর্তন হয়নি।
মাওলানা গাজী আতাউর রহমান বিশেষ করে সাধারণ ভোটের আনুপাতিক হারের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের দাবি জানান। একই সঙ্গে আর্থিক খাতে কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে গ্যাস ও বিদ্যুতের সংকটে জনদুর্ভোগ এবং উৎপাদন ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। গ্যাস ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বের করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
সভায় দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও শেখ ফজলুল করীম মারুফ, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


